যা কিছু কথায় বলা যায় না

কবিতায় লিখি যা,তা কথায় বলা যায় না।

লিখি,মিথ্যা মিথ্যা।
লিখি সাদা কালোর জন্য।
কেটে নেওয়া ধানের পড়ে থাকা স্মৃতি,
ছোট ছোট পোকা আর সূর্যের জন্য।

ঢেউ এসে পৌছে দেয় কত খাঁচা,
কত কারুকাজ,
জীবনের স্রোত ফুটিয়েছে আলো আর অন্ধকার,সূক্ষ হাতে।

আমি লিখি না তাদের জন্য।
লিখি না তোমাদের জন্য।

লিখি,আমার বুকের বন্দর ছুঁয়ে যাওয়া সব ঢেউয়ের জন্য।
সব নৌকার নাবিকদের জন্য যারা তোমাদের খবর দেয়।
খাঁচার আগের কথা,
ওরনার ছিঁড়ে যাওয়ার কথা,
শব্দ খুঁজে না পাওয়া ছেলেটার চুপ থাকার কথা,
বিশ্বাস করার কথা,
মেঘের পিছনে স্মৃতির ভিড়ের কথা,
টেরাকোটার জীবনের কথা।

একদিন মিছিলে হেঁটেছিলাম তোমাদের জন্য,বলেছিলাম 'লাল সেলাম'
একদিন তোমার জন্য পিঠ পেতে নিয়েছিলাম,
একদিন চিৎকার করে বলেছিলাম,'অভিনয় না সত্য চাই',
একদিন কারুর জন্য ইমনে বেঁধেছিলাম সুর,
কারুর সামনে নগ্ন হয়েছিলাম,যে নগ্নতায় এপার ওপার দেখা যায়।

আজ আমার অকেজো মস্তিষ্কে এত জোড় কই।

আমি কবিতায় যা লিখি,তা কথায় বলা যায় না।
তোমাদের বলি,
বলি অকারণ,মিছি মিছি,আবার কখনও অদম্য ইচ্ছায়।

তবে;
একটা শব্দও লিখি না তোমাদের জন্য।

আমার মায়ের জন্য লিখতে ইচ্ছা করে,
তবে লিখি না।
বাবার জন্য?
করে ইচ্ছা,তবু লিখি না।
যে বন্ধুরা চলে গেল,যাদের বন্ধু ভেবেছিলাম বা যারা বন্ধু হলো না,
না,লিখি না তাদের জন্য।

অবোধের ন্যায়,
কালি ঘসি,কাগজে দাগ কেটে যাই,আমার জন্যে।
আমার জন্য বাঁচি প্রতিদিন,মরি প্রতিদিন।

ডিসেম্বর,২০২৫

Comments

Popular posts from this blog

সস্তা

কান্নার রঙ