ঘুরে চলেছে
চারিদিকে তাকিয়ে দেখি,বৃষ্টি হচ্ছে খুব।
মাতাল বাতাস,এলো চুলে তুমি ব্যারিকেড ভাঙছো।
আঙুল ফাঁক বেয়ে জল বয়ে চলে,
গভীর নিশ্বাসে পড়ছি,
আর উঠছি।
তুমি কামড়ে ধরেছো আমায়,
ব্যাথা লাগে না,
ঠোঁটের ফাঁকে জীভ নেমে আসে,
বলে ভালোবাসা,ভালোবাসা,ভালোবাসি।
নিজের হাত দুটো নিজের থেকে যেন অনেক দূরে।
কত জঙ্গল হাতড়াচ্ছে প্রবল ঝর্ণার খোঁজে।
আঙুলের চাপে,
বছরের গ্লানী ভেসে যায়,যেমন ভেসে যায় নদীর বুকে মৃত মাছ।
বাগানে প্রজাপতি,
অথবা শামুকেরা আর আসে না।
তুমি কাউকে যে আসতে দাও না।
বলে চলেছিলে প্রেম,আদর,ভালোবাসা।
একটু একটু করে সরে যেতে থাকলাম,
একটু একটু করে কাছে যেতে লাগলাম আরো।
আষ্টে পিষ্টে বাঁধা আমায় কো'ন এক পুরোনো কাঁটাতারে।
বছর গেল কয়েক,
খেলায় খেলায় প্রেম গেল,
গেল আদর,
গেল বৃষ্টি,
গেল ঝর্ণা,
গেল চিৎকার,
গেল মৃত মাছ,
গেল বিশ্বাস,
বিশ্বাসের পর আসে,
অনেক শীত,
ছুঁয়ে দেখি তুষার যুগের মত ঠান্ডা এ শরীর।
অন্ধকার ছিল,আলো দিলে,
আর ফিরিয়ে দিয়ে গেলে দুটি চোখ,
চোখ খুলে আমি দেখি পৃথিবী ঘুরে চলেছে।
শুধুই ঘুরে চলেছে।
আগষ্ট,২০২৫
Comments
Post a Comment