থেকে যাব মৃত্যু অবধি

মানুষের আর কতটুকু জীবন।

তবু আমরা নদীতে বাঁধ রেখে বলি,সে আমার।
তবু আমরা বিস্তর জঙ্গল কেটে বলি,এসবই আমাদের জন্য।
তবু আমি তোমার বুকে হাত রেখে বলেছিলাম,এ গন্ধ আর কারুর নয়।

মানুষ বড় হয়,
মানুষ বুড়ো হয়,
তলিয়ে যায় চোখের ওপারে।

মানুষের সবটুকুই যে মৃত্যু।

সুন্দর রঙিন দিনে তা আমরা সরিয়ে রাখি অন্যের জন্য।
যেমন,পরিচয় প্রমাণের তাগিদে যারা ঘুরে বেড়ায় তাদের শ্রেনীবদ্ধ করি।
যেমন,উল্লাসের টিপস্ দিয়ে সরিয়ে রাখি বিবেক।
যেমন,গদিতে বসা তুমি মৃত্যুর আদেশ দাও।
যেমন,ছোঁয়াছুঁয়ি খেলায় পাছে আমার জামা কাপড় ভিজে যায়,তাই খুলে রাখি।

যেমন,একদিন চলে যাব জেনেও আমরা বলি আছি,থেকে যাব মৃত্যু অবধি।

সেপ্টেম্বর,২০২৫

Comments

Popular posts from this blog

সস্তা

কান্নার রঙ

যা কিছু কথায় বলা যায় না